চিকেন পকোড়া বা ফুচকা নয়, স্বাদ বদলাতে সহজে তৈরি করুন পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী চিকেন তাইপো!

পাহাড়ি স্বাদের নরম তুলতুলে চিকেন তাইপো রেসিপি। মোমোর মতোই সুস্বাদু ও বড় সাইজের তাইপো চাটনি সহ বাড়িতে বানানোর সহজ উপকরণ ও নিয়ম।

ফুচকা, চাউমিন, এগরোল কিংবা চিকেন পকোড়ার মতোই বর্তমান খাদ্যরসিকদের পছন্দের তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছে মোমো (Momo)। বিশেষ করে বৃষ্টি ভেজা দিনে গরম গরম মোমোর স্বাদ পছন্দ করেন প্রায় প্রত্যেকেই। তবে পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী এই খাবারের পাশাপাশি একই স্বাদের আরও একটি বড়, তুলতুলে ও নরম খাবার হলো চিকেন তাইপো (Chicken Taipo)। ঘরে বসে খুব সহজেই এই লোভনীয় রেসিপি (Recipe) প্রস্তুত করা যায়।

প্রয়োজনীয় উপকরণ:

চিকেন তাইপো তৈরি করতে লাগবে চিকেন, ময়দা, গুঁড়ো চিনি, নুন, বেকিং পাউডার, ইস্ট, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনেপাতা, স্প্রিং অনিয়ন, চিনেবাদাম, গোলমরিচ গুঁড়ো, ডিম সেদ্ধ, সাদা তেল ও সামান্য জল।

বানানোর সহজ পদ্ধতি:

ময়দার ডো তৈরি: একটি পাত্রে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে তার সাথে দেড় চামচ চিনির গুঁড়ো ও সামান্য নুন ভালোভাবে মিশিয়ে নিতে হয়। পরবর্তীতে হাফ চামচ বেকিং পাউডার এবং এক চামচ ইস্ট যোগ করে পুরো মিশ্রণটি মেখে নিতে হবে। এরপর সামান্য জল দিয়ে মেখে নরম ডো তৈরি করার সময় অল্প সাদা তেল মিশিয়ে নিতে হবে। তৈরি হওয়া এই ডো অন্তত ১ ঘণ্টা ঢাকা দিয়ে রাখতে হবে।

চিকেনের পুর প্রস্তুত: পেঁয়াজের খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিতে হবে। একইভাবে স্প্রিং অনিয়ন, ধনেপাতা, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা পরিষ্কার করে কেটে নিতে হবে। একটি পাত্রে চিকেন কিমা নিয়ে তার মধ্যে সমস্ত কুচানো উপাদান—পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও স্প্রিং অনিয়ন মেশাতে হবে। মশলা হিসেবে এতে যোগ করতে হবে নুন এবং গোলমরিচের গুঁড়ো। সবশেষে অল্প সাদা তেল দিয়ে পুরো পুরটি হাত দিয়ে ভালোভাবে মেখে রাখতে হবে।

স্পেশাল চাটনি তৈরি: কড়াইতে সামান্য তেল গরম করে কেটে রাখা টমেটো কুচি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা নাড়াচাড়া করে নিতে হয়। স্বাদ বৃদ্ধির জন্য এতে বাদাম যোগ করতে পারেন। সমস্ত উপকরণ ভালোভাবে ভাজা হয়ে এলে নামিয়ে নিতে হবে। এরপর ভাজা সবজিগুলোর সাথে ধনেপাতা ও জল দিয়ে ব্লেন্ডারে মিহি করে পেস্ট করে নিলেই তৈরি চাটনি।

তাইপো তৈরি ও সেদ্ধ: ১ ঘণ্টা পর ঢেকে রাখা ময়দার ডো ফুলে উঠলে মাঝারি আকারের লেচি কাটতে হবে। লেচিগুলো লুচির আকারে বেলে ভেতরে তৈরি করা মাংসের পুর এবং একটি করে হাফ সেদ্ধ ডিম ভরে দিতে হবে। এরপর মোমোর আকারে গড়ে নিয়ে ভাপে সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম চিকেন তাইপো।

তৈরি হওয়া এই খাবারটি গরম গরম চাটনি সহযোগে বন্ধু ও পরিবারের সদস্যদের পরিবেশন করুন।
শেয়ার করুন:
ট্যাগ: